টেকনাফে আত্মসমর্পণকারী ১০১ ইয়াবা কারবারির বিরুদ্ধে অভিযোগ গঠন
টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণকারী আলোচিত ১০১ জন ইয়াবা কারবারির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আলোচিত ১০১ ইয়াবা কারবারির বিরুদ্ধে তাদের উপস্থিতিতে মাদক মামলায় অভিযোগ গঠন করা হয়। একই সাথে উক্ত মামলায় তাদের জামিন চাওয়া হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ছিলেন মো. ইসমাঈল। হোসেন উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং জামিন নামঞ্জুরের আদেশ দেন।
সরকার পক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফের হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং তৎকালীন পুলিশের আইজি ড. জাবেদ পাটোয়ারীর উপস্থিতিতে ১০২ জন ইয়াবাকারবারি আত্মসমর্পণ করেছিলেন। তাদের মধ্যে কারাগারে থাকা ১০১ জনের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দায়ের করা দুটি মামলায় পুলিশ আদালতে চার্জশিট জমা দিয়েছে। কারা হাজতে থাকাকালীন সময়ে টেকনাফ সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার ফজল আহমদের ছেলে মোহাম্মদ রাসেলের মৃত্যু হওয়ায় তাকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে।
ওই সময় অস্ত্র ও মাদক মামলায় দুটি মামলা দায়ের করা হয়েছিল। ইতিমধ্যে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। সেসময় তাদের কাছ থেকে সাড়ে ৩ লাখ ইয়াবা ও ৩৬টি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছিল।
তবে আদালত সূত্রে জানা গেছে আত্মসমর্পণকারীদের অধিকাংশ দুই মামলায় ইতিমধ্যে হাইকোর্ট থেকে জামিন প্রাপ্ত হয়েছেন।
Source: somoynews

No comments